চাঁদপুরে বিএনপি নেতার বাসভবনে হামলা: দলীয় কোন্দলকে চাঙ্গা  

নিজেস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মনোনয়নপ্রত্যাশী আজম খানের বাসভবনে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলীয় কোন্দলকে এই হামলার জন্য দায়ী করা হচ্ছে ।

 

সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁদপুর পৌরসভার চিত্রলেখা মোড় সংলগ্ন সিংহপাড়া এলাকায় আজম খানের বাসভবনে একদল সশস্ত্র লোক হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসার দরজা-জানালা ভাঙচুর করে এবং অভ্যন্তরে থাকা আসবাবপত্র ও গাড়ি ক্ষতিগ্রস্ত করে। এই সময় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন ।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, হামলাকারীরা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুসারী। তারা জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সোহাগের নেতৃত্বে আজম খানের বাসভবনে হামলা চালায় ।

 

ঘটনার পর চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এখন বাসভবনটি পুলিশ পাহারা দিচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

 

আজম খান এই হামলার তীব্র নিন্দা করেন এবং দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, “আমি তো এখানে কারও প্রতিপক্ষ হতে আসিনি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে এসেছি। প্রতিপক্ষ হয়ে লড়তে আসিনি। কিন্তু আমার বাসায় আমারই দলের অপর একটি গ্রুপের কর্মী-সমর্থকেরা হিংসাত্মকভাবে আক্রমণ চালিয়ে ভাঙচুর করেছে। আমি এর বিচার চাই।”

 

খবর পাওয়া গেছে, দীর্ঘ ১৬ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আজম খানকে জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে তিনি চাঁদপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় কার্যক্রম ও নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ নিয়ে তিনি সম্প্রতি হাসান আলী হাইস্কুল মাঠে একটি সভারও আয়োজন করেছিলেন। এই সভাকে কেন্দ্র করে দলীয় অপর পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা আজকের হামলার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে ।

 

অন্যদিকে, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি আজম খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে বলেন, “হঠাৎ কয়েক দিন আগে উড়ে এসে জুড়ে বসে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করছেন আজম খান। তিনি জেলা বিএনপির উপদেষ্টা মনোনীত হয়ে আজ পর্যন্ত জেলা বা পৌর বিএনপির কারও সঙ্গে না বসে দলের শত্রু ও বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজনকে টাকাপয়সা দিয়ে দলের ভেতর বিশৃঙ্খলাসহ চরম ক্ষতি করছেন। আজ তাঁর বাড়িতে যে ঘটনা ঘটেছে, এটা তাঁর নিজের লোকেরাই করেছে।”

 

এই হামলার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর থেকে রাত আটটা পর্যন্ত শহরের চিত্রলেখা মোড় এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

 

চাঁদপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আজ সশস্ত্র হামলার রূপ নেওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ