
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে আসা সিআইডির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় পুলিশ তাদের সহযোগিতা করে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই হত্যা মামলার আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইর সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। এ ছবিটি গতকালের (১৬ আগস্ট)। কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেফতার করতে হবে।’
তৌহিদ আফ্রিদি দেশের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। তার ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিতর্কিত কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে তিনি সমালোচিত ছিলেন।
















