
গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে দুই দফায় চালানো এ হামলায় অন্তত ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম হামলার পরপরই উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ হাসপাতালে ছুটে এলে দ্বিতীয় দফায় বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এ সময় রয়টার্সের সাংবাদিক হুসাম আল মাসরির সরাসরি সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে রয়টার্স এক বিবৃতিতে জানায়, “আমরা গভীরভাবে শোকাহত আমাদের সহকর্মী হুসাম আল মাসরির মৃত্যুতে এবং হাতেম খালেদের আহত হওয়ার ঘটনায়। আমরা জরুরি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং গাজা ও ইসরায়েলের কর্তৃপক্ষকে হাতেমের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।”
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত অন্য তিন সাংবাদিক হলেন—মারিয়াম আবু দাগ্গা (এপি ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক), মোহাম্মদ সালামা (আল জাজিরার সাংবাদিক) এবং মোয়াজ আবু তাহা। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন।
এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “সাংবাদিকদের ওপর এই বর্বর হামলা গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ, যার উদ্দেশ্য সাংবাদিকদের আতঙ্কিত করা এবং ইসরায়েলি অপরাধ বিশ্ববাসীর সামনে প্রকাশে বাধা দেওয়া।”
- ইউনিয়নের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৪০ জন সাংবাদিক নিহত হয়েছেন।














